পদ্মা সেতু নির্মাণে মানুষের কাটা মাথা লাগবে এমন গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার নড়াইলের নাজমুল হোসেন ওরফে বাবুকে জামিন দেয়নি হাইকোর্ট। তার জামিন প্রশ্নে রুল দিয়েছে আদালত।
গতকাল বুধবার আসামির জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি ফাতেমা নজিবের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ মামলার তদন্তকারী কর্মকর্তা থেকে প্রাপ্ত আসামি নাজমুল হোসেন বাবু কর্তৃক সাতজনের মেসেঞ্জারে গুজব সম্পর্কিত তথ্য পাঠানোর বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়। আদালত তাকে জামিন না দিয়ে জামিন প্রশ্নে চার সপ্তাহের রুল জারি করেছে।
