হবিগঞ্জ সদর উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তৃতীয় শ্রেণির ছাত্রী হাবিবা আক্তারের চোখে বেত দিয়ে আঘাতের অভিযোগে শিক্ষক নিরঞ্জন সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি তদন্তের জন্য একটি বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে স্থায়ীভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
হাবিবার মা রুবিনা খাতুন গতকাল জানান, হাবিবা বর্তমানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছে। অস্ত্রোপচার করে তার ডান চোখ কেটে ফেলতে হয়েছে।
গত মঙ্গলবার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরঞ্জন সরকার একটি বেত ছুড়ে মারলে হাবিবা আক্তারের চোখে লাগে। এতে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক।
