বোয়ালমারীতে ১৪ মামলার আসামির গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৬ পিএম

ফরিদপুরে কুখ্যাত ডাকাত সর্দার ও বিভিন্ন অপরাধের ১৪ মামলার আসামি রিপন কাজীর (৩৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের লায়েক মিয়ার মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

রিপন কাজী উপজেলার শেখর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের ছিরু কাজীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, রিপন কাজী অস্ত্র, মাদক ও চুরি-ডাকাতির ১৪টি মামলার আসামি ছিলেন। পুলিশ ও এলাকাবাসীর ধারণা- মাদক অথবা ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে রিপন কাজী খুন হতে পারে।

বোয়ালমারী থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকের আধিপত্য বা ডাকাত দলের অভ্যন্তরীণ কোন্দলে রিপনকে হত্যা করা হতে পারে।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রিপন কাজী পরিবার দুপুর পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত