এশিয়া কাপ আর্চারির রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে আগের দিন ফাইনাল নিশ্চিত করেছিলেন রোমান সানা। এবার রিকার্ভ দলগত ইভেন্টেও সোনার লড়াইয়ে উঠেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার ফিলিপাইনের ক্লার্ক সিটিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফাইনালে জায়গা করে নেয় রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া দল।
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ থ্রির এই প্রতিযোগিতায় রিকার্ভ দলগত ইভেন্টের ফাইনালে শুক্রবার চীনের বিপক্ষে খেলবে রোমান, তামিমুল ও রুবেলরা।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের তিন প্রতিযোগী ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডকে এবং সেমি-ফাইনালে ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে মালয়েশিয়াকে পরাজিত করে ফাইনালে ওঠে।
এদিকে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের সেমিফাইনালে হেরে গেছে রোমান সানা ও বিউটি রায় জুটি। শুক্রবার চাইনিজ তাইপের বিপক্ষে তৃতীয় স্থানের জন্য লড়বেন তারা। একই দিন সকালে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সোনার পদকের জন্য চীনের ঝেনকি শ’র বিপক্ষে লড়বেন রোমান সানা।
