অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি

ভিকারুননিসার দুই শিক্ষককে নোটিস মন্ত্রণালয়ের

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৩ এএম

নির্ধারিত আসনের অতিরিক্ত ছাত্রী ভর্তির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত সোমবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত দুই শিক্ষককে এ শোকজের চিঠি পাঠানো হয়। ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এদিকে উপযুক্ত ব্যাখ্যা না পেলে তাদের এমপিও বাতিল হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।

চিঠিতে বলা হয়েছে, চলতি বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির অভিযোগ ওঠে। অভিযোগ তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাউশি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে অবৈধ ভর্তির বিষয়ে প্রমাণ পাওয়া যায়। এতে আরও বলা হয়, কলেজ কর্র্তৃপক্ষকে অতিরিক্ত ছাত্রী ভর্তির বিষয়ে বারবার সতর্ক করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ভর্তি নীতিমালা লঙ্ঘন করে ২০১৯ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে অতিরিক্ত ৪৪৩ ছাত্রী ভর্তি করার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ সময়ে গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মুস্তারি সুলতানা এবং ড. ফারহানা খানম দায়িত্বে ছিলেন। ভর্তি বাণিজ্যের কারণে তাদের বেতন-ভাতা কেন বন্ধ করা হবে না, এর ব্যাখা দিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত