মিলনমেলায় ঢাবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৯ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার টিএসসি প্রাঙ্গণে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা সপরিবারে এসে দিনভর উৎসব করেন।

মিলনমেলায় বিভাগের শিক্ষক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও তাদের পরিবারের ছয় শতাধিক সদস্য অংশ নেন। প্রিয় বন্ধু, সহপাঠীর সান্নিধ্য পেয়ে কিছু সময়ের জন্য হলেও তারা স্মৃতিবিজড়িত শিক্ষাজীবনে ফিরে যান। এর আগে সকালে ঢাবির সাবেক উপাচার্য ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মিলনমেলার উদ্বোধন করেন। পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগের অনারারি অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, অধ্যাপক শেখ আবদুস সালাম, জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিলনমেলা কমিটির আহ্বায়ক কাজী মোয়াজ্জেম হোসেন।

ড. আরেফিন সিদ্দিক বলেন, ‘এখন আমরা বিভিন্ন পেশায় আছি। কিন্তু আমাদের অ্যাকাডেমিক জায়গা হলো সাংবাদিকতা। গণযোগাযোগ বা মানুষের সঙ্গে যোগাযোগ। সবাই নিজেকে উদার মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই এ বিভাগের সার্থকতা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত