জামালপুরে ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. আলা উদ্দিন আলাল নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জামালপুর সদর থানায় নির্যাতনের শিকার ওই মাদ্রাসা ছাত্রের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় তিনি অভিযোগ করেন, গত শুক্রবার সদরের শরিফপুর ইউনিয়নের ডেংগারগড় মোজাদ্দেদীয়া আশরাফুল উলুম নুরানী মাদ্রাসার শিক্ষক মো. আলা উদ্দিনের জন্য মাদ্রাসার ৩ নং কক্ষে খাবার নিয়ে যায় ওই মাদ্রাসার হিফজ বিভাগের ওই ছাত্র। এ সময় ওই কক্ষের জানালা বন্ধ করে ওই ছাত্রকে বলাৎকার করেন অভিযুক্ত ওই শিক্ষক।
এ ঘটনা কাউকে না বলার জন্য ছাত্রকে ভয়ভীতি দেখায় ওই শিক্ষক। পরে শনিবার এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ওই শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দিলে সন্ধ্যার পর পুলিশ গিয়ে তাকে আটক করে জামালপুর সদর থানায় নিয়ে আসে।
পরে রাত ১১টার দিকে নির্যাতিত ওই ছাত্রের বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
