এক শিক্ষার্থীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতার বিরুদ্ধে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে এ বিষয়ে ওই ছাত্রলীগ নেতা ও তার সহযোগীদের নামে অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীরা চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবলের অনুসারী হিসেবে পরিচিত।
ভুক্তভোগী শিক্ষার্থী আহম্মদ উল্লাহ রাব্বি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র।
অভিযোগের বিষয়ে তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টিউশনি থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে আইন অনুষদের ২০১৪-১৫ সেশনের ছাত্র সাদাফ কবিরের নেতৃত্বে আমার ওপর হামলা করা হয়। এ সময় তার অনুসারী অর্থনীতি বিভাগের ছাত্র শাওন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রমজান হোসাইন, ইতিহাস বিভাগের রাসেল, সমুদ্র বিজ্ঞান বিভাগের রিফাত এবং মোহন, আজাদসহ আট-নয়জন মিলে আমাকে মারধর করে। মারধরের পর আমার কাছে থাকা তিন হাজার দুই শ সাতান্ন টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায়। তারা নিজেদের সিএফসি কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পরিচয় দিয়ে নানা রকম হুমকি ধামকিও দেয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাদাফ কবির বলেন, ঘটনার দিন আমি ক্যাম্পাসেই ছিলাম না। শুনেছি ওই ছেলে (অভিযোগকারী) রিকশাচালককে ভাড়া না দিয়ে উল্টো চড় মেরে ছিল। এতে আমার এক ছোট ভাই এগিয়ে গিয়ে প্রতিবাদ করে। সে ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে এমন অভিযোগ আনা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে চবি প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী বলেন, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। যত দ্রুত সম্ভব তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
