বিসিএসে কৃষি প্রকৌশল ক্যাডার পদ সৃষ্টির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অ্যাগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়। ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন। মানববন্ধনে আতিক হাসান, এসরাক, মুকুল ইসলাম, মোহাম্মদ রবিন প্রমুখ বক্তব্য দেন। পরে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। এদিকে তাদের দাবির সঙ্গে বিভাগীয় শিক্ষকরাও একাত্মতা প্রকাশ করেছেন।
