দুই গোলে এগিয়ে গিয়েও পয়েন্ট খোয়ালো আর্সেনাল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:১০ এএম

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার ভিকারেজ রোডে ওয়াটফোর্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দলটি।

এদিন ২১ এবং ৩২তম মিনিটে পিয়েরে-এমরিক অবামেয়াং দুই গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। ওয়াটফোর্ড খেলায় ফিরে আসে ৫৩ এবং ৮১তম মিনিটে। প্রথম গোলটি টম ক্লিভারলির। দ্বিতীয়টি করেন রবার্তো পেরেইরা, পেনাল্টি থেকে।

টানা দুই জয়ে লিগ শুরু করা আর্সেনাল এ নিয়ে টানা তিন ম্যাচে জয় শূন্য রইল। পাঁচ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে আছে তারা।

শনিবার অ্যানফিল্ডে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারানো লিভারপুল পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। সমান ৮ পয়েন্ট করে নিয়ে গোল পার্থক্যে টটেনহ্যাম হটস্পার তৃতীয়, ম্যানচেস্টার ইউনাইটেড চতুর্থ, লেস্টার সিটি পঞ্চম ও চেলসি ষষ্ঠ স্থানে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত