চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে অনুশীলনে মেসি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৪ পিএম

চোট কাটিয়ে মাঠে ফেরার জোরালো আভাস দিয়েছেন লিওনেল মেসি। দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন বার্সেলোনার তারকা এই ফরোয়ার্ড। সবকিছু ঠিক থাকলে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন আর্জেন্টিনা এই ফরোয়ার্ড।

একটি সূত্রের বরাত দিয়ে ইএসপিএনএফসি জানিয়েছে, গেল শুক্রবার সতীর্থদের সঙ্গে একটি মিনি গেমে অংশগ্রহণ করেছিলেন মেসি। অনুশীলনও করে যাচ্ছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

তবে বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে জানিয়েছেন, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসিকে নিয়ে তাড়াহুড়ো নেই তার। তবে মঙ্গলবার ডর্টমুন্ডের বিপক্ষে না পারলেও লা লিগায় পরের ম্যাচে গ্রানাডার বিপক্ষে মেসিকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছিলেন বার্সেলোনা কোচ।

চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে মেসি বার্সেলোনার সঙ্গে জার্মানিতে যাবেন বলে জানা গেছে। অবশ্য বরুসিয়ার বিপক্ষে ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেননি কাতালান ক্লাবটির কোচ।

মেসির পাশাপাশি চোট কাটিয়ে উঠেছেন বার্সেলোনার আক্রমণভাগের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় উসমানে দেম্বেলেও। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে রোববার সতীর্থদের সঙ্গে হালকা অনুশীলন করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।

এরই মধ্যে চোট কাটিয়ে ফিরেছেন লুইস সুয়ারেস। শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ৫-২ ব্যবধানের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে নেমে জোড়া গোলও করেছেন উরুগুয়ান এই স্ট্রাইকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত