পাবনা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসে কর্মরত এক ঝাড়ুদার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ঝাড়ুদারের নাম সেলিম রেজা (২৫)। তিনি ঈশ্বরদী উপজেলার চর গড়গরি গ্রামের তুজাম উদ্দিনের ছেলে। সেলিম সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে চুক্তিভিত্তিক ঝাড়ুদার ছিলেন।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, উপজেলা প্রাণি চিকিৎসক ডা. নাজমুল হোসাইন সোমবার সকালে অফিসে এসে বাইরে ঝাড়ুদার সেলিমের মোটরসাইকেল দেখেন এবং অফিসে প্রধান গেট তালা দেওয়া দেখে সেলিমের মোবাইলে কল দেন। সেলিম ফোন রিসিভ না করায় তিনি নিজের কাছে থাকা চাবি দিয়ে ভেতরে প্রবেশ করে অফিসের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল ইসলাম আরও জানান, ধারণা করা হচ্ছে ভোরে কোনো এক সময় সেলিম ঝাড়ু দিতে এসে গলায় দড়ি লাগিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তবে, সেলিম কেন অফিসে এসে আত্মহত্যা করলেন সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
