ভালুকায় ছিনতাইকারী চক্রের ৮ নারী সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল সোমবার সকালে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলোÑ হবিগঞ্জ সদরের খাটাখালী গ্রামের সুরত মিয়ার স্ত্রী তাছলিমা (৩০), বাঘাসুরা গ্রামের তৌহিত মিয়ার স্ত্রী জুলেখা (২৪), রুস্তম আলীর স্ত্রী সুফিয়া (৪৫), একই জেলার মাদবপুর উপজেলার মাহমুদ আলীর স্ত্রী নীল মোহর (৪৮), মইন উদ্দিনের স্ত্রী রিফা আক্তার (২১), হুমায়ূন কবিরের স্ত্রী রোজিনা (২৬), দাসপাড়া গ্রামের শুকর আলীর স্ত্রী রোখসানা (২৩) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাদিস মিয়ার স্ত্রী রোজিনা বেগম (২৪)।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, উপজেলার ধলিয়া গ্রামের আব্দুল কাদের খানের স্ত্রী হুরেনা খাতুন (৫৫) অটোরিকশাযোগে ভরাডোবা থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় কয়েকজন নারী ছিনতাইকারী যাত্রীবেশে ওই অটোতে উঠে তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তখন তার চিৎকারে স্থানীয়রা এসে ৮ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়। আটকরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য জানিয়ে ওসি বলেন, মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
