পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি দপ্তরির

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৮ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে ধর্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী অজিত দেবনাথকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। আটক প্রহরী ধর্মপুর গ্রামের রুপেশ দেবনাথের ছেলে। 

মঙ্গলবার সকালে আটক দপ্তরিকে কোর্টে প্রেরণ করা হয় এবং নির্যাতিত পঞ্চম শ্রেণির ছত্রীকে জবানবন্দির জন্য ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়েছে। 

জানা যায়, রোববার সকাল সাড়ে ৮ টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি অজিত দেবনাথ একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ঝাড়ু দেওয়ার কথা বলে স্কুলের শিশু শ্রেণির রুমে নিয়ে তাকে শ্লীলতাহানি করে।

এক পর্যায়ে প্রহরীর কাছ হতে  ছাত্রীটি দৌড়ে পালিয়ে গিয়ে ঘটনাটি তার মাকে জানালে তিনি তৎক্ষণাৎ বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায়। 

কোন সুবিচার না পাওয়ায় ররিবার রাতে ছাত্রীর বাবা লোকমান হোসেন বাদী হয়ে কমলগঞ্জ থানায় অভিযোগ করলে রাত ৩টায় পুলিশ বিদ্যালয়ের দপ্তরি অজিত দেবনাথকে আটক করে। 

কমলগঞ্জ থানা পুলিশ আটক অজিত দেবনাথকে কোর্টে প্রেরণ করেছে এবং নির্যাতিত মেয়েটির জবানবন্দির জন্য ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়েছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ ভট্টাচার্য্য ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রী হয়রানির বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার বলেন, তিনি বিষয়টি অবগত নন। তবে এ ধরনের কাজ হলে আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, অভিযুক্ত বিদ্যালয়ের দপ্তরি অজিত দেবনাথের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ পাওয়ায় আটক করা হয়েছে।  ছাত্রীর জবানবন্দির জন্য কোর্টে হাজির করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত