বছরে ৩৬ কোটি টাকা ভর্তুকিতে চলে চসিকের শিক্ষা প্রতিষ্ঠান

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৪ পিএম

২০১৫ সাল থেকে ক্রমান্বয়ে সাত কোটি টাকা কমে বর্তমানে ৩৬ কোটি ভর্তুকি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চালাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) শিক্ষা বিভাগ।

চসিকের ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬২ হাজার ৯৮০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এর মধ্যে কলেজ পর্যায়ে ২০ হাজার ৩৩০ জন, মাধ্যমিক পর্যায়ে ৩৭ হাজার ৭০০ জন এবং প্রাইমারি ও কিন্ডারগার্ডেন পর্যায়ে ৪ হাজার ৯৫০ জন শিক্ষার্থী রয়েছে।  যেখানে নিয়োজিত রয়েছেন  ১ হাজার ৭২৮ জন শিক্ষক ও কর্মচারী।

মঙ্গলবার বিকেলে চসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যরক্ষা স্ট্যান্ডিং কমিটির ৪ বছরপূর্তি উপলক্ষে শিক্ষা বিভাগ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। লিখিত বক্তব্য পাঠ করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা (উপ-সচিব) সুমন বড়ুয়া।

নগরের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে বর্তমানে চসিক ৯০টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে জানিয়ে সংবাদ সম্মেলনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, শুধু প্রাতিষ্ঠানিক বা ভাল ফলাফলের জন্য নয়, দেশপ্রেমিক ও আলোকিত সমৃদ্ধ মানুষ গড়ার প্রত্যয় নিয়ে বছরে চসিক ৩৬ কোটি টাকা ভর্তুকি দিয়ে নগরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

এক প্রশ্নের জবাবে সিটি মেয়র বলেন, গত চার বছরে শ্রেণি সংকট ও অবকাঠামোগত উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। চসিকের এসব শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে নগরের দরিদ্র জনগোষ্ঠীর সন্তানরা শিক্ষার সুযোগ পাওয়া নিয়ে সন্দেহ, সংশয় থেকে যেতো। নানা সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা থাকা সত্তেও শিক্ষার মান বাড়াতে আরও নানা পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া জানান, চসিকের পরিচালনায় বর্তমানে ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩টি কলেজ, ১টি বিশ্ববিদ্যালয়, ১টি পূর্ণাঙ্গ কম্পিউটার ইনস্টিটিউট, ৫টি কম্পিউটার ক্যাম্পাস, ৭টি কিন্ডারগার্টেন, ২টি প্রাথমিক বিদ্যালয়, ৩৫০টি ফোরকানিয়া মাদ্রাসা, ৯টি মসজিদ, ৪টি সংস্কৃত টোল, ১টি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, ১টি গণশিক্ষা কেন্দ্র, ১টি থিয়েটার ইনস্টিটিউট ও ১টি পাবলিক লাইব্রেরি রয়েছে।

চসিকের কেবি আবদুচ ছাত্তার মিলনায়তনে সংবাদ সম্মেলনে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, স্ট্যান্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, গিয়াস উদ্দিন, মাজহারুল ইসলাম চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত