বাড্ডায় নিজ বাসায় দুর্বৃত্তদের হামলায় একজন আহত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৩ পিএম

রাজধানীর মেরুল বাড্ডায় নিজ বাসায় দুর্বৃত্তের হাতে গুরুতর আহত হয়েছেন রিয়াজুল ইসলাম সবুজ (৩৭) নামে এক ব্যক্তি। সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, ডাকাতি করতে এসে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত অবস্থায় রিয়াজুলকে উদ্ধার করে গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে। তার মাথায় চারটি কোপ ও পিঠে রডের আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। রিয়াজুল প্রধানমন্ত্রীর কার্যালয়ের উইং অ্যানালিস্ট।

রিয়াজুলের ভাগ্নি রাফিয়া জানান, মেরুল বাড্ডার আনন্দনগর এলাকার একটি বাসায় তিন সন্তান, স্ত্রী ও বৃদ্ধ বাবাকে নিয়ে থাকেন রিয়াজুল। সোমবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ওই বাসার তৃতীয় তলার জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা চার-পাঁচ দুর্বৃত্ত প্রবেশ করলে চিৎকার শুরু করেন তিনি। এ সময় ডাকাতরা রিয়াজুলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত