উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিছন্নতাকমী©রা পাচ্ছেন উন্নত আবাসনের সুযোগ।
বুধবার ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম তাদের গাবতলীতে ৪টি ১৫তলা আবাসিক ভবন এবং ১টি ৪তলা স্কুলে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে ‘গাবতলী সিটি পল্লীতে ডিএনসিসির পরিছন্নতাকর্মীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প’-এর আওতায় এ নির্মাণকাজ শুরু হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মেয়র বলেন, ‘শপথবাক্য পাঠ করানোর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য একটি সুন্দর বাসস্থান গড়ার নির্দেশ দেন। এই প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের জুন মাসের মধ্যে ৭৮৪ জন পরিচ্ছন্নতাকর্মীর জন্য আবাসনের ব্যবস্থা হবে। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করে জনগণকে সেবা প্রদানের জন্য পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ডিএনসিসির কর্মকর্তারা জানান, প্রকল্পটির মোট ব্যয় ২২১ কোটি ৪৯ লাখ টাকা প্রাক্কলন করা হয়েছে। ২০২১ সালের জুন মাসে প্রকল্পের কাজ বাস্তবায়ন শেষ হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পের আওতায় ১৫তলাবিশিষ্ট ৪টি আবাসিক ভবন নির্মাণের মাধ্যমে মোট ৭৮৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৫৬২ বর্গফুট। প্রতিটি ফ্ল্যাটে ২টি বেডরুম, ১টি কিচেন, ১টি টয়লেট, ১টি বাথরুম, ১টি বারান্দা থাকবে।
আবাসিক ভবনগুলোতে ১৪টি প্যাসেঞ্জার লিফট ও ৭টি সার্ভিস লিফট থাকবে। প্রতিটি ফ্ল্যাটে আসবাবে সুসজ্জিত করে দেওয়া হবে। এ ছাড়া আবাসিক ভবনগুলোর জন্য পৃথক স্যুয়ারেজ ট্রিটমেন্টের ব্যবস্থা রাখা হবে।
এ সময় স্থানীয় সাংসদ আসলামুল হক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. শরীফ উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুম, মোবাশ্বের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
