‘রুপালি গিটার’ উদ্বোধন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৬ এএম

ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রতীকী ‘রুপালি গিটার’-এর উদ্বোধন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে ১৮ ফুট উঁচু দৃষ্টিনন্দন এ স্থাপনাটির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

অনুষ্ঠানে মেয়র বলেন, ‘দেশের গর্ব আইয়ুব বাচ্চুকে স্মরণীয় করে রাখতে সিটি করপোরেশন এই স্থাপনা নির্মাণ করেছে। এভাবে সব গুণীকে আমরা সম্মান দিতে চাই।’ কদর না করলে দেশে গুণীর জন্ম হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এরই আলোকে আমরা চসিকের মাধমে একুশে পদক চালু করেছি। ইতিমধ্যে চট্টগ্রামের গুণী ব্যক্তিদের বিশেষ করে বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ সমাজের নানা ক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন তাদের পদক দিয়ে সম্মানিত করছি। সিটি করপোরেশন এই ধারা অব্যাহত রাখবে।’ এ স্থাপনা নির্মাণে কেডিএসসহ সহযোগিতাকারীদের ধন্যবাদও জানান মেয়র।

‘এই রুপালি গিটার ফেলে/একদিন চলে যাব দূরে, বহুদূরে/ সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে...’ গানটি গেয়েছিলেন দেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। এলআরবি ব্যান্ডের ভোকাল ও লিড গিটারিস্ট ও দেশের ব্যান্ডসংগীতের পুরোধা এই শিল্পী গত বছরের ১৮ অক্টোবর ঢাকায় মারা যান। ২০ অক্টোবর চট্টগ্রাম স্টেশন রোডের বাইশ মহল্লার চৈতন্য গলি কবরস্থানে মায়ের কবরের পাশে আইয়ুব বাচ্চুকে সমাহিত করা হয়। তার শোকসভায় নগরীতে স্থাপনা তৈরির ঘোষণা দেন সিটি মেয়র। এরই অংশ হিসেবে তার প্রথম মৃত্যুবার্ষিকীর ঠিক এক মাসে আগে স্টিলের তৈরি এই ‘রুপালি গিটার’ উদ্বোধন করা হলো। চসিক কর্মকর্তারা জানিয়েছেন, চসিকের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তক মোড় পর্যন্ত সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এই প্রতীকী ‘রুপালি গিটার’ স্থাপন করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে গত বছরের শেষদিকে চসিকের সঙ্গে অডিওস ইঙ্ক ও স্ক্রিপ্টের চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী প্রবর্তক মোড় থেকে গোলপাহাড় মোড় পর্যন্ত মিড আইল্যান্ড, উভয় পাশের ফুটপাত, গোলচত্বরসহ প্রায় ৪৫০ মিটার এলাকায় নানা সৌন্দর্যবর্ধন কাজ করার কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত