চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজ নিজ প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী দুই দল ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ।
‘বি’ গ্রুপে আলিয়াঞ্জ অ্যারেনায় সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-০ গোলে হারিয়েছে বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় দলটি।
৩৪ মিনিটে কিংসলে কোমানের গোলে এগিয়ে যায় বায়ার্ন। এরপর ৮০ মিনিটে স্কোরশিটে নাম তোলেন রবার্ত লেভানদোভস্কি। আর ইনজুরি টাইমের প্রথম মিনিটে থমাস মুলার জাল খুঁজে পেলে বড় জয় নিশ্চিত হয় বায়ার্নের।
‘সি’ গ্রুপে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। ইউক্রেনের শাখতার দনেৎস্কের মাঠ থেকে তারা ফিরেছে ৩-০ গোলের জয় নিয়ে। ২৪ মিনিটে রিয়াদ মাহরেজের গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। ৩৮ মিনিটে ইকের গুন্ডোয়ানের লক্ষ্যভেদে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। আর ৭৬ মিনিটে ব্যবধান আরও বাড়ান গাব্রিয়েল জেসুস।
