ফ্ল্যাট থেকে মা ও ২ শিশুর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৬ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফ্ল্যাট থেকে মা ও দুই কন্যা শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার আনোয়ার হোসেনের বাড়ির সাত তলা ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মা নাজনীন (২৮), শিশু কন্যা নুসরাত (৮) ও খাদিজা (২)। নাজনীন সিআইখোলা এলাকার বাসিন্দা সুমনের স্ত্রী। সুমন সানারপাড জোনাকি পেট্রোল পাম্পে চাকরি করেন। তবে এ ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে তার নাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাকরিস্থল থেকে ফেরার পর সুমন ফ্ল্যাটে গিয়ে দেখেন স্ত্রী ও দুই কন্যার লাশ পড়ে আছে। রাতের কোনো এক সময় তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মনিরুল ইসলাম (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার), অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক।

এদিকে জেলা পুলিশ সুপার হারুন অর রশীদও ঘটনাস্থলে আসছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীদের প্রবেশ নিষেধ করে রেখেছে পুলিশ৷

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি কোনো পুলিশ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত