যুদ্ধের প্রস্তুতি নিতে মহড়া শুরু ইরানের

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫২ পিএম

ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ও বিমানবাহিনী পারস্য উপসাগরের আকাশে যুদ্ধবিমানের মাধ্যমে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সাম্প্রতিক বেশকিছু ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির যে উত্তেজনা তৈরি হয়েছে তার প্রস্তুতি হিসেবেই এমন মহড়া চালাচ্ছে দেশটি।

গতকাল শুক্রবার সকাল থেকে ইরান ওই মহড়া শুরু করেছে বলে জানিয়েছে বিবিসি। মহড়ায় দেশটির বিমানবাহিনী ও আইআরজিসির অনেক কমব্যাট, ট্যাক্টিক্যাল, ট্যাঙ্কার যুদ্ধবিমান অংশ নিয়েছে। আগামী রবিবার থেকে দেশটিতে প্রতিরক্ষা সপ্তাহ শুরু হবে।

সামরিক বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি পরীক্ষার জন্যই মূলত এই মহড়া শুরু হয়েছে। প্রস্তুতি মহড়ার প্রথম দিন ছিল গত বুধবার। ওইদিন ইরানের যুদ্ধবিমান দেশটির দক্ষিণে অবস্থিত বন্দর নগরী বান্দার আব্বাসের শহীদ আব্দুল করিমি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে।

ইরান বিমানবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহেদি গত বৃহস্পতিবার জানান, মূলত আমাদের প্যারেড প্রতিবেশী দেশগুলোকে শান্তি ও বন্ধুত্বের বার্তা দিয়েছে। রবিবার যুদ্ধবিমান ছাড়াও মহড়ায় ২০০টি ফ্রিগেট এবং স্পিডবোট অংশ নিয়ে তাদের নৌশক্তির প্রদর্শন করবে। জেনারেল ভাহেদি জানিয়েছেন, মূলত আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি এবং সক্ষমতা প্রদর্শনের কাজটি করবে এই ব্রিগেড। এ ছাড়াও সেনাবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর মধ্যে আন্তঃসম্পর্ক জোরদার করাও একটি উদ্দেশ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত