নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পুকুরে বিষাক্ত পদার্থ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকাল ৭টায় স্থানীয় ফতেপুর ইউপির বগাদী এলাকায় এ ঘটনা ঘটে। পূর্বশক্রতার জের ধরে মাছ নিধনের উদ্দেশ্যে শুক্রবার রাতের কোনো এক সময় বিষাক্ত পদার্থ প্রয়োগ করা হয়েছে বলে ক্ষতিগ্রস্তের অভিযোগ।
পুকুর মালিক প্রবাসী বাবুল মিয়া দেশ রূপান্তরকে জানান, তিনি বাড়ির পাশে ৩০ শতাংশের একটি পরিত্যক্ত পুকুরে দুই বছর আগে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। সম্প্রতি এলাকায় ঘটে যাওয়া একটি হত্যা মামলাকে কেন্দ্র করে একই এলাকায় আবেদ আলীর ছেলে আনোয়ারের সঙ্গে তার বিরোধ চলছিল।
এরই জেরে শুক্রবার গভীর রাতে আনোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ির সামনে এসে তাকে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের নাম ধরে ডাকাডাকি করতে থাকে। এতে পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে আমার বাড়িতে হানা দেওয়া হয়। শনিবার সকালে পুকুরের মাছগুলো পর্যায়ক্রমে ভেসে উঠে। আমার ধারণা, দুষ্কৃতকারীরা আমাকে না পেয়ে শুক্রবার রাতের কোনো এক সময় আমার পুকুরের বিষাক্ত পদার্থ প্রয়োগ করেছে।
স্থানীয় ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল হক দেশ রূপান্তরকে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পুকুরে বিপুল পরিমাণ মরা মাছ ভাসতে দেখি। এ ঘটনায় আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সঠিক বিচার দাবি করছি।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।
