আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়া বাঙালি হিন্দুদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিজেপি।
দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, ‘সত্যিকারের ভারতীয় এবং নির্যাতিত হিন্দু শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব থেকে কোনোভাবেই বঞ্চিত হবেন না। যারা ধর্মীয় এবং সামাজিক নির্যাতনের শিকার হয়ে ২০১৫ সাল পর্যন্ত ভারতে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবেই।’
তিনি আরও বলেন, ‘বরাক উপত্যকা মূলত বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে আসা হিন্দুদের বাসভূমি। আমাদের আদর্শ পুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি এই মানুষদের বাংলাদেশে যেতে দেননি। শ্যামা প্রসাদ মুখার্জি বলেছিলেন ব্রিটিশ ভারতকে ভাগ করেছে এবং তিনি আসামকে পাকিস্তানে যেতে না দিয়ে পাকিস্তানের ভাগ করেছেন। তিনি খণ্ডিত ভারতের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন। তাই প্রত্যেক বাঙালির প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা রয়েছে।’
