নীলফামারীর কেন্দ্রীয় শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ।
গতকাল শনিবার সকাল ৯টার দিকে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে উপস্থিত হলে তাকে ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও কেন্দ্রীয় শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশকে একটি ক্রেস্ট উপহার দিয়ে সংবর্ধনা জানান মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
কেন্দ্রীয় শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা জানান, ‘নীলফামারীর কেন্দ্রীয় শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে ভারত সরকারের অর্থায়নে ১ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ‘শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির’ নির্মাণকাজ চলছে। সেটি পরিদর্শনসহ নির্মাণকাজের খোঁজখবর নেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ। চলমান নির্মাণকাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
