সিলেটে নিরাপত্তা চেয়ে ৫৬ সাংবাদিকের জিডি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২২ পিএম

সাদা পোশাকে এক সাংবাদিককে তুলে নেওয়ার পর গ্রেপ্তার দেখানোর ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিলেটে ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৫৬ জন সাংবাদিক।

রবিবার দুপুরে সিলেট কোতোয়ালি থানায় তারা এই জিডি করেন। জিডিকারী সাংবাদিকরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সিলেট অফিসে কর্মরত এবং সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সদস্য।

জিডিতে সাংবাদিকরা অভিযোগ করেন, গত ১৯ সেপ্টেম্বর রাতে ইমজার সাবেক সভাপতি মঈনুল হক বুলবুলকে সাদা পোশাকে একদল লোক তুলে নিয়ে যায়। ঘটনার পর বুলবুলের পরিবার ও সাংবাদিক নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখায় যোগাযোগ করেও কোন তথ্য পাননি। দুই ঘণ্টা পর বুলবুলকে গ্রেপ্তারের কথা জানায় সিলেটের কানাইঘাট থানা-পুলিশ। এভাবে পরিচয় গোপন করে একজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় সাংবাদিকরা তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে জিডি করেছেন বলে আবেদনে উল্লেখ করেছেন।

জিডির ব্যাপারে ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে এব্যাপারে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়াটা স্বাভাবিক। কিন্তু একজন সিনিয়র সাংবাদিককে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে তাতে আমরা শঙ্কিত। এ জন্য জিডি করেছি।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, সাংবাদিকদের সাধারণ ডায়েরি রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সাংবাদিক বুলবুল গ্রেপ্তারের পরদিন জামিনে মুক্তি পেয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত