পদ্মা নদীর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নাব্য সংকট ও তীব্র স্রোতের কারণে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। শনিবার থেকে টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল রবিবার চলে মাত্র দুটি ফেরি। এদিকে গতকাল ওই নৌরুটে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়া যাচ্ছিলেন।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, পদ্মায় নাব্য সংকট ও তীব্র স্রোতের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে শনিবার রাত ৩টা থেকে বন্ধ রাখা হয়েছিল সব ধরনের ফেরি চলাচল। ড্রেজার মেশিন দিয়ে চ্যানেলের পলি অপসারণ করার পর গতকাল বেলা সোয়া ১১টার দিকে দুটি ফেরি চলাচল শুরু করে।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুপারে আটকা পড়েছে প্রায় পাঁচ শতাধিক বাস, ট্রাকসহ ছোট-বড় যানবাহন। কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, নাব্য সংকট ও স্রোতের কারণে মাঝেমধ্যে এ সমস্যা দেখা দেয়।
