যশোরে বিলের মাছ চোর আখ্যা দিয়ে পিটুনিতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। তবে হতাহতদের পরিবারের দাবি, তারা চোর নয়, রাতে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য মাঠে গেলে তাদের উপর হামলা চালানো হয়। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার মধ্য কচুয়ার গ্রামের পাগলার বিলে। নিহত শাহ আলম ওই গ্রামের মোতাসিন মোল্লার ছেলে। আহত জিল্লুর রহমান একই গ্রামের লুৎফর রহমানের ছেলে।
জিল্লুর রহমানের ভাই আজিজুর রহমান জানান, রবিবার রাত ১১টার দিকে শাহ আলম ও জিল্লুর পাগলার বিলে যায় তাদের ধান ক্ষেতে পানি দিতে। সেখানে পাশের হামিদপুর গ্রামের আরমান শিকদারসহ ৫/৬ জন তাদের মাছ চোর আখ্যা দিয়ে ধরে বেধড়ক পিটুনি দেয়। ওই বিলে রাতে মাছ ধরে আরমানরা। মারধরের পর আরমান তাদের গ্রামে খবর দিলে রাত ৩টার দিকে তারা বিলে গিয়ে ওই দুইজনকে বাড়িতে নিয়ে যান। সোমবার ভোরে বাড়িতে মৃত্যু হয় শাহ আলমের। জিল্লুর রহমানকে সকালে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, শাহ আলমকে গাছে ঝুলিয়ে বেঁধে পেটানো হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি মনজুর রহমান জানান, খবর পেয়ে নিহত শাহ আলমের মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। মাছ ধরা নিয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
