বেশি সোশ্যাল মিডিয়া নয়: ভাগনিকে উপদেশ কারিনার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০৬ পিএম

বলিউডের আলোচিত কাপুর খানদান থেকে আসা দুই নায়িকা কারিনা কাপুর খান ও কারিশমা কাপুর। দুই বোনের মধ্যে সম্পর্কের সমীকরণ বরাবরই চমৎকার। তারা পরস্পরের ছেলে-মেয়েদের দিকেও নজরে রাখেন।

কারিনার ছেলে তৈমুর খুবই ছোট। কারিশমার দুই ছেলেমেয়ে সামায়ারা ও কিয়ান অনেকটা বড় হয়ে গেছে। তাদের দিকে তীক্ষ্ণ নজর কারিনার।

ইন্ডিয়ার এক্সপ্রেস জানায়, সামায়ারার সোশ্যাল মিডিয়ার প্রতি তীব্র ঝোঁক নিয়ে চিন্তিত কারিনা। ভাগনিকে কী করে এই সোশ্যাল মিডিয়া অবসেশন থেকে বের করা যায়- তার জন্য চিন্তিত তিনি।

সম্প্রতি এক চ্যাট শো’তে কারিনা বলেন, “আপার ১৪ বছরের একটি মেয়ে আছে আর ও সব সময় সোশ্যাল মিডিয়া, স্ন্যাপচ্যাট এইসব নিয়ে পড়ে থাকে। সারাদিন চলতে থাকে এই সব। আমি লোলোকে (কারিশমা) বলেছি যে এটার একটু লিমিট থাকা উচিত।”

আরও বলেন, “সোশ্যাল মিডিয়ার নেশা থাকলে সবাই এক জায়গায় বসেই থাকে আর এই করে যায়, অন্য আর কিছুই করে না। মানে কেউ বই পড়ে না, জানালার বাইরে তাকায় না, কারো সঙ্গে কথা বলে না, ফ্যামিলি-বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটায় না… কিচ্ছু না। আমরা আড্ডা দেওয়ার মজাটাই যেন ভুলতে বসেছি। তাই সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা নিয়ন্ত্রিত হওয়া উচিত।”

তবে এই উপদেশ যে শুধু সামায়ারার জন্য তা নয়, এই প্রজন্মের সব বাচ্চাদের প্রতি। তারা জ্ঞান হওয়া থেকে ইন্টারনেট হাতে পেয়েছে। তারা যখন টিনএজার, তখন থেকেই ফেসবুকের রমরমা অবস্থা। আরও একটু পরে যারা জন্মেছে, এই যেমন ২০০৫-২০০৬, তারা তো সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ার পর্যায়টি দেখছে এখন।

এই সব থেকে একটু দূরেই থাকেন কারিনা নিজে। তিনি বা সাইফ আলী খান কেউ সোশ্যাল মিডিয়ায় এতটুকু আসক্ত নন, বরং খুব কম সময় কাটান ভার্চুয়াল জগতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত