মায়ের সঙ্গে অভিমান করে মাদারীপুরের কালকিনিতে শাহানাজ পারভিন (১৮) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে ওই তরুণীর লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানীপুর গ্রামের আফছের কাজীর মেয়ে শাহানাজ পারভীন তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে আসছিলেন। পারিবারিকভাবে তার বিবাহ হয়। ছয় মাস পরে তার বিবাহ বিচ্ছেদ হয়।
গত ১০-১২ দিন পূর্বে শাহানাজ ঢাকা থেকে তার মায়ের সাথে গ্রামের বাড়িতে আসেন। শাহানাজ প্রায় সময় মোবাইলে কথা বলতো। এ নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
প্রতিদিনের মত রোববার রাতে খাবার খেয়ে শাহানাজ ও তার মা রিনা বেগম একই বিছানায় শুয়ে পরেন। কিন্তু রাত ১২টার দিকে তার মা রিনা বেগম ঘুম থেকে জেগে দেখেন তার মেয়ে বিছানায় নেই।
পরে ঘরের ভেতরে আরেক কক্ষে শাহানাজের লাশ আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে কালকিনি থানার এস আই মো. জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।
নিহতের মা রিনা বেগম বলেন, আমার মেয়ে আমার সাথেই ঘুমিয়ে ছিল। সে কয়েকদিন আগে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসে। তাকে প্রায় সময় দেখা যেত মোবাইলে কথা বলতে। তাকে কথা বলতে কয়েক বার নিষেধও করা হয়েছে। কাল রাতে ঘুমানোর আগে ও মোবাইলে তাকে কথা বলতে শুনছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন বলেন, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
