বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের পাসপোর্ট রি-ইস্যু করতে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার শুনানি নিয়ে চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। তিনি জানান, গত ২৯ আগস্ট এ-সংক্রান্তে রুল যথাযথ ঘোষণা করে শিমুল বিশ্বসের পাসপোর্ট রি-ইস্যু করার নির্দেশ দিয়ে রায় দেয় হাইকোর্ট। এরপর রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে চেম্বার আদালতে আবেদন করা হয়।
অমিত তালুকদার বলেন, ‘শিমুল বিশ্বাস তার পাসপোর্ট হারিয়ে গেছে উল্লেখ করে হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্ট রায়ে তার পাসপোর্ট রি-ইস্যু করার নির্দেশ দেয়। চেম্বার আদালতে আমরা যুক্তি দেখিয়েছি যে পাসপোর্ট হারিয়ে গেলে নতুন পাসপোর্টের জন্য আবেদন করা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রক্রিয়া শেষে নম্বরসহ নতুন পাসপোর্ট দেওয়া হয়। আর পাসপোর্টে ভুল-ত্রুটি থাকলেই কেবল তা রি-ইস্যু করা যায়। চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেছে।’
