ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বহিষ্কারের দাবি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের সংগঠন ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বহিষ্কারের দাবি জানিয়েছে। এছাড়াও বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এই হামলার নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন তারা।

মানববন্ধনে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী আল মুহতাসিম নিবিড় বলেন, সোমবার ক্যাম্পাসে কর্মরত কয়েকজন সাংবাদিকের হামলা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য ছাত্রলীগ নেতাদের দায়িত্বশীল হতে আহ্বান জানান।

মানববন্ধনে সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শাহ মাহবুবুর রহমান বলেন, সাংবাদিক পরিচয় পাওয়ার পরও তাদের ওপর হামলা করা হয়েছে । এটা কোনো ছাত্র কিংবা ছাত্র নামধারী সংগঠনের কাজ হতে পারে না। এটা যারা করেছে তারা অবশ্যই সন্ত্রাসী। এ হামলার সঙ্গে জড়িতদের বহিষ্কার শুধু তাদের ছাত্র সংগঠন থেকে নয়। বিশ্ববিদ্যালয় থেকে তাদের ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল করতে হবে এবং পরবর্তী সময়ে এমন কাজ যেন কেউ না করতে পারে তাই হামলায় জড়িদের নাম, পরিচয় ছবিসহ গণমাধ্যমে প্রকাশ করতে হবে।

হামলার শিকার আফসার মুন্না বলেন, আমি ও আমর এক বন্ধু টিএসসিতে বসেছিলাম। মেট্রোরেলের কাছে ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকজন ছাত্রদল কর্মীকে মারধর করছিল। আমি এর ছবি ওঠাতে গেলে ছাত্রলীগের এফ রহমান হল ছাত্রলীগের সহসভাপতি হোসাইন মাহমুদ আপেল, ঢাবি শাখার উপ-প্রচার সম্পাদক মহসিন তালুকদার, সুর্যসেন হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শপু আমাকে চড়-থাপ্পড় দেয়। এ সময় প্রতিদিনের সংবাদের প্রতিনিধিকেও মারধর করা হয়।

মানববন্ধন শেষে বিভাগের শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের বিচার দাবি করেন।

ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। মঙ্গলবার সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির এবং সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম এক বিবৃতিতে এই নিন্দা জানান।

ছাত্রদলের নেতা-কর্মী ও সাংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলা ও এতে তিনজন সাংবাদিকসহ ২০ জনেরও অধিক ছাত্রদলের নেতা-কর্মীর আহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত