জলবায়ু সম্মেলনে থুনবার্গ

জলবায়ু পরিবর্তন প্রতিরোধে ব্যর্থতার দায় নেতাদের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৬ এএম

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও গ্রিনহাউজ গ্যাস নির্গমন প্রতিরোধে ব্যর্থতার জন্য তীব্র ভাষায় বিশ্ব নেতাদের নিন্দা করেছেন সুইডেনের জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ। গত সোমবার নিউ ইয়র্কে এক দিনব্যাপী জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রায় ৬০ জন বিশ্ব নেতার উপস্থিতিতে আবেগময় উত্তেজিত কণ্ঠে তিনি এমন দাবি করেন বলে জানিয়েছে এএফপি।

বক্তব্যে থুনবার্গ বলেন, ‘এই সবকিছুই ভুল। আমার এখানে থাকা উচিত নয়। মহাসাগরের অন্য পারে স্কুলে ফিরে যাওয়া উচিত আমার, অথচ আমাদের ছোটদের কাছে আশা নিতে এসেছেন আপনারা সবাই। কী সাহস আপনাদের? আপনারা আপনাদের ফাঁকা বুলি দিয়ে আমার স্বপ্ন ও আমার শিশুকাল ছিনিয়ে নিয়েছেন।’

জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেন, ‘বিশ্ব “গভীর জলবায়ুর গর্তে” আছে এবং জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার। সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো অনেক দেরি হয়ে যায়নি।’ যে দেশগুলো কার্বন নিঃসরণ হ্রাসের কর্মপরিকল্পনা নিয়ে সম্মেলনে যোগ দিয়েছে শুধু তাদেরই কথা বলার সুযোগ দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন তিনি।

জলবায়ু পরিবর্তন নিয়ে সন্দেহ পোষণকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মেলনটিতে উপস্থিত হওয়ার কথা ছিল না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত