পঞ্চগড়ে পাঁচ দিনব্যাপী

নজরুল সংগীত প্রশিক্ষক সৃজনের কোর্স শুরু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪২ এএম

পঞ্চগড়ে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। পঞ্চগড়ের কয়েকটি ভেন্যুতে কবি নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, সেমিনার, তথ্যচিত্র প্রদর্শনী, কর্মশালা, সংগীত, আবৃত্তি, প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান হবে। এরই অংশ হিসেবে জেলায় নজরুল সংগীত প্রশিক্ষক সৃজনের লক্ষ্যে পঞ্চগড় শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে সংগীত প্রশিক্ষণ।

গতকাল মঙ্গলবার দুপুরে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মান্নান। শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীতের প্রশিক্ষক সৃজনের এই কোর্সে প্রশিক্ষণ দিচ্ছেন নজরুল সংগীতশিল্পী এম এ মান্নান ও সেলিনা হোসেন। জেলার পাঁচ উপজেলার ৫০ জন সংগীতশিক্ষক এই কোর্সে অংশ নিচ্ছেন।

২৬ সেপ্টেম্বর শুরু হবে জাতীয় নজরুল সম্মেলন। উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। উদ্বোধনসহ অন্যান্য আয়োজনে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির চেয়ারম্যান কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি আসাদ মান্নান, কবি মুহাম্মদ নূরুল হুদা, কবি সাবিনা ইয়াসমিন, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়জুর রহমান ফারুকী, কবি নজরুল ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক ভুঞা প্রমুখ। বাংলাদেশের বিখ্যাত সংগীত, আবৃত্তি ও নৃত্যশিল্পীরা তাদের প্রযোজনা পরিবেশন করবেন। ২৮ সেপ্টেম্বর রাতে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে নজরুল সম্মেলন শেষ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত