নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাবিতে ছাত্রদলের নতুন নেতারা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০০ এএম

ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের কার্যক্রমের ওপর আদালত নিষেধাজ্ঞা দিলেও গতকাল মঙ্গলবার সকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গিয়েছিলেন। এ সময় তারা ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীর সঙ্গে সাক্ষাৎ করে গত সোমবার টিএসসিতে ছাত্রদল নেতাকর্মী ও সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার বিচার চেয়ে স্মারকলিপি দেন।

গত সোমবার ঢাকার জ্যেষ্ঠ চতুর্থ সহকারী জজ নুসরাত সাহারা বীথি কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

গতকাল সকাল ১০টার দিকে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে টিএসসির ডাসের সামনে জড়ো হন। এ সময় ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা, বিশেষ করে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, হাফিজুর রহমান হাফিজ, আমিনুর রহমান আমিন, মো. মামুন খান, সাইফ মাহমুদ জুয়েল, কারীমুল হাই নাইমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছিলেন। এরপর সেখান থেকে তারা মধুর ক্যান্টিনে যান। এ সময় সাংবাদিকরা আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ছাত্রদল সভাপতি খোকন বলেন, ‘আদালতের লিখিত আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদেশের কপি হাতে না পাওয়ায় কার্যক্রম চালাচ্ছি।’

গত সোমবার দুপুরে টিএসসি এলাকায় হামলার শিকার হন ছাত্রদল নেতাকর্মীরা। ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে এই হামলায় অন্তত ২০ জন আহত হন বলে দাবি ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের। হামলার পর ক্যাম্পাসে বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মী। হামলার সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারধরের শিকার হন তিন সাংবাদিকও। হামলার পরও ক্যাম্পাসে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ছাত্রদল সাধারণ সম্পাদক শ্যামল বলেন, ‘ক্যাম্পাসে আমরা সহাবস্থান নিশ্চিত করতে চাই। বিশ^বিদ্যালয়ে আমার ছাত্রত্ব আছে। আমরা ক্যাম্পাসে আসব। ছাত্রলীগের হামলার বিষয়ে প্রক্টরের কাছে স্মারকলিপি দেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত