কর্মশালায় ডিএনসিসি মেয়র আতিকুল

স্মার্ট ঢাকা গড়তে উদ্ভাবনী চিন্তায় জোর দেওয়া হবে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৩ এএম

জনবান্ধব স্মার্ট ঢাকা গড়ে তুলতে উদ্ভাবনী চিন্তা ও তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের বিষয়ে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘আইসিটির সর্বোচ্চ ব্যবহার ছাড়া উন্নত নাগরিক সেবা দেওয়া সম্ভব নয়। এজন্য প্রযুক্তিবিদ, শিক্ষক, গবেষকদের উদ্ভাবনী চিন্তা কাজে লাগাতে ডিএনসিসি সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।’

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনে ‘স্মার্ট সিটি ইনোভেটিভস-বাংলাদেশ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, ‘উন্নত নাগরিক সেবা দিতে হলে সিটি করপোরেশনের আয় বাড়াতে হবে। কিন্তু সেকেলে ব্যবস্থাপনা ও কাঠামোর কারণে আমরা সব বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে কর আদায় করতে পারছি না। এ বিষয়ে প্রকৌশলীদের সহযোগিতা নেওয়া হবে।’ মেয়র আরও বলেন, ‘গণপরিবহনে শৃঙ্খলা, টেলিমেডিসিন, দুর্যোগ ব্যবস্থাপনা, হাসপাতাল, জলাবদ্ধতা, সুপেয় পানি নিশ্চিতকরণ, চিত্ত-বিনোদন, সবুজায়ন, বাগানসহ সব ধরনের সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সহজীকরণ করা সম্ভব। এসব নিশ্চিত করে ঢাকাকে স্মার্ট সিটি করতে ডিএনসিসি শিগগিরই দেশি-বিদেশি গবেষক ও প্রযুক্তিবিদদের নিয়ে কর্মশালা করবে।’

ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) আয়োজিত অনুষ্ঠানে আমেরিকার ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুর রহমান, ভারতের ড. রামকৃষ্ণ কাপ্পাগানতু ছাড়াও দেশি-বিদেশি গবেষক, শিক্ষক ও বুয়েটের শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত