যুক্তরাষ্ট্রের উচিত ইরানের সঙ্গে আলোচনা শুরু করা : ম্যাখোঁ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৪ পিএম

যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর ইরানের সঙ্গে ফের আলোচনা শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন সাহস ও সদিচ্ছা। যুক্তরাষ্ট্র, ইরান এবং তেহরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর জন্য এই সৎসাহস গুরুত্বপূর্ণ। কেননা অলৌকিকভাবে কিছু ঘটে যাবে; এমনটা আমি বিশ্বাস করি না।’

বিশেষ করে সৌদি তেল স্থাপনায় হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলোকে তেহরানের সঙ্গে ফের আলোচনায় বসার তাগিদ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়, আলোচনা শুরুর আগে তেহরানকে তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এর মধ্যেই মঙ্গলবার জাতিসংঘে দেওয়া ভাষণে পশ্চিমা দেশগুলোকেও আলোচনার তাগিদ দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত