মোংলা বন্দরসহ খুলনা ও বাগেরহাট অঞ্চলকে বিএনপি-জামায়াত মৃত বানিয়েছিল বলে অভিযোগ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের জীবনদান করেছেন। তার পদক্ষেপেই মোংলা বন্দর আগামী তিন-চার বছরে অপার সম্ভাবনার বন্দরে পরিণত হতে চলেছে।’
বুধবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে ১৫তম বন্দর উপদেষ্টা কমিটির সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, ‘মোংলা এখন আন্তর্জাতিক বন্দর। এর সুবিধা প্রতিবেশী ভারতও নিচ্ছে।’
সভায় খুলনা সিটি করপোরেশেনের মেয়র তালুকদার আবদুল খালেক, বাগেরহাট-৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হক, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক, খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে খালিদ মাহমুদ চৌধুরী মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন।
