মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ডেঙ্গু ওয়ার্ডে ওই রোগী মারা যান।
রোজিনা বেগম (২৫) নামে ওই নারী মঙ্গলবার থেকে জ্বরে ভুগছিলেন। তাকে বুধবার নগরীর কর্নেল হাট এলাকার একটি ল্যাবে পরীক্ষা করালে ডেঙ্গু (এনএস-ওয়ান) শনাক্ত হলে সেদিন রাতেই চমেকে ভর্তি করানো হয়।
চমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. ইমন দাশ বলেন, ওই নারীকে বুধবার রাতে হাসপাতালে আনা হলে তাকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাই ডিপেন্ডেসি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু হয়।
তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হলেও মূলত মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে রোজিনার মৃত্যু হয়েছে। ওই নারী প্রাথমিক অবস্থার ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। একই স্টেজের বেশির ভাগ রোগী চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
এদিকে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রোজিনা বেগমের স্বামী মাঈন উদ্দিন (¯^পন) পেশায় একজন দরজি। তিনি একটি টেইলারিং দোকানে কাজ করেন। কর্নেল হাট এলাকার বিশ্বকলোনীতে তারা ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর।
এ নিয়ে চট্টগ্রামে মোট পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এর আগে ১২ সেপ্টেম্বর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে রুমা উপজেলার চেয়ারম্যানের স্ত্রী ডমেচিং মারমা বেবি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।
৩১ আগস্ট নগরীর একটি বেসরকারি হাসপাতালে সীতাকুণ্ডের বাসিন্দা বাদশা মোল্লা মারা যান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। এরপর ৩ সেপ্টেম্বর চন্দনাইশের বিপ্লব দাশ নামের এক ব্যক্তি মারা যান চমেক হাসপাতালে। ৬ সেপ্টেম্বর মারা যান আছদগঞ্জের একটি কারখানার ফোরম্যান আবু সাঈদ।
