সতীদাহ থামিয়েছেন বিদ্যাসাগর, দাবি বাবুল সুপ্রিয়র

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৬ পিএম

আদিকালের সতীদাহ প্রথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাতিল করেছিলেন বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কাম গায়ক বাবুল সুপ্রিয়।

বৃহস্পতিবার ‘খোলা হওয়া’ নামের একটি সংগঠনের উদ্বোধনে এসে সবাইকে অবাক করে একথা বলেন ‘চোরি চোরি চুপকে চুপকে’ এবং ‘বম্বে কাঁপিয়ে, সারা ভারত নাচিয়ে’র গায়ক বাবুল।

অনুষ্ঠানে হাজির ছিলেন, বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, রন্তিদেব সেনগুপ্ত, বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের সহ-সভাপতি অরিন্দম চক্রবর্তী, অভিনেত্রী রিমি সেনসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

সংগঠনের উদ্দেশ্য নিয়ে বাবুল বলেন, ‘রাজ্যে আজ কোনও কিছুরই স্বাধীনতা নেই । টলিউড এখন একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে রয়েছে। সেখানে নানা রাজনৈতিক সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলায় ফিল্ম ইন্ডাস্ট্রি স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এখানে ভয়ের রাজনীতি চলছে। এহেন পরিস্থিতিতে স্বাধীনতা ফিরিয়ে আনতে এই সংগঠন তৈরি করা হয়েছে।’

এ পর্যন্ত ঠিকই ছিল। তালগোল পাকান পরের কথায়, ‘আজ বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে এই সংগঠনটি আত্মপ্রকাশ করল। এটি বড় সুখের কথা। বিদ্যাসাগর মশাই সতীদাহ প্রথার বিলোপ ঘটিয়েছিলেন।’

কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। ১৮১২ সালে রামমোহন রায় সতীদাহ বিরোধী আন্দোলন শুরু করেন। তিনি লেখার মাধ্যমে প্রমাণ করেন, হিন্দু শাস্ত্র এই প্রথাকে সমর্থন করে না। শ্মশানে শ্মশানে ঘুরে মৃতের বাড়ির লোকজনকে বোঝানোর চেষ্টা চালিয়ে যান। তার এই আন্দোলনের এক পর্যায়ে বিতর্কিত প্রথাটি বিলোপ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত