আবেদন পড়েছিল ৫০টি। সেখান থেকে প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে বেছে নিয়েছে আফগানিস্তান।
ক্লুজনার ১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৯টি টেস্ট এবং ১৭১টি ওয়ানডে খেলেন। টেস্টে ১৯০৬ রান ও ৮০ উইকেট এবং ওয়ানডেতে ৩৫৭৬ রান ও ১৯২ উইকেট নেন তিনি।
কোচ হওয়ার ঘোষণা শুনে ক্লুজনার বলেন, ‘বিশ্ব ক্রিকেটের সেরা কিছু প্রতিভাবান ক্রিকেটার নিয়ে কাজ করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত এবং সম্মানিত বোধ করছি। সবাই জানে আফগানিস্তান ভয়হীন ক্রিকেট খেলে। আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা বিশ্বের অন্যতম সেরা দল হতে পারব।’
২০১২ সাল থেকে কোচিংয়ের সঙ্গে জড়িত ক্লুজনার। ওই বছর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল ডলফিনসের দায়িত্বে ছিলেন। এরপর ২০১৫ সালে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের আগে দলের লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয় তাকে। ২০১৬ সালে জিম্বাবুয়ের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন।
এছাড়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচের দায়িত্বও পালন করেন তিনি। কিছুদিন আগে ভারতে হওয়া টি-টোয়েন্টি সিরিজের সময় প্রোটিয়াদের সহকারী ব্যাটিং কোচের দায়িত্বেও ছিলেন।
নভেম্বরে ভারতের দেরাদুনে উইন্ডিজের বিপক্ষে ১ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। সেই সিরিজ থেকেই দলের দায়িত্ব নেবেন ক্লুজনার।
