রাবির বঙ্গমাতা হলের সেই প্রাধ্যক্ষ বীথিকা বণিককে অব্যাহতি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৬ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বীথিকা বণিককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে হলের আবাসিক শিক্ষক আঞ্জুমান আরাকে সাময়িকভাবে হল প্রাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী।

রেজিস্ট্রার বলেন, ‘প্রাধ্যক্ষ বীথিকা বণিকের বাসায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। ওই ছাত্রী বঙ্গমাতা হলেরই আবাসিক শিক্ষার্থী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের পদত্যাগ চেয়ে নানা কর্মসূচি পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তাকে হল প্রাধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আবাসিক শিক্ষক আঞ্জুমান আরাকে সাময়িকভাবে প্রাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে অধ্যাপক বীথিকা বণিকের বাড়িতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানি করেন তার ভাই শ্যামল বণিক। ওই ছাত্রী অধ্যাপক বীথিকা বণিকের বাড়িতে তার সন্তানকে পড়াতেন। সে রাতে বৃষ্টির কারণে ভুক্তভোগী ছাত্রী বীথিকা বণিকের বাড়িতেই থাকেন। রাতে শ্যামল বণিক ছাত্রীকে শ্লীলতাহানি করলে ভুক্তভোগী শিক্ষার্থী জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ কল করেন। পরে রাত ৩টার দিকে নগরীর ধরমপুরের যোজক টাওয়ারের তৃতীয় তলা (বীথিকার বণিকের বাড়ি) থেকে ছাত্রীটিকে উদ্ধার এবং অভিযুক্ত শ্যামল বণিককে আটক করে মতিহার থানা-পুলিশ। বুধবার নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় শ্যামলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এ ঘটনার পর বৃহস্পতিবার প্রাধ্যক্ষ বীথিকা বণিকের পদত্যাগ ও তার ভাইয়ের শাস্তির দাবিতে কয়েক’শ শিক্ষার্থী হলের সামনে ও পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান শিক্ষার্থীদের দাবি পূরণে বিষয়ে আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত