সার্বজনীন পূজা ফাউন্ডেশন সম্মাননা পাচ্ছেন ১২ গুণী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৪ এএম

সাম্প্রদায়িক সম্প্রীতি আন্দোলনে অবদান রাখায় প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত, সুবীর নন্দীসহ ১২ গুণিজনকে সম্মাননা দিচ্ছে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন। গতকাল শুক্রবার বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক সুধাংশু কুমার দাস।

তিনি বলেন, সংগঠনের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ অক্টোবর এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদান রাখায় ১২ গুণিজনকে সম্মাননা দেওয়া হবে। তারা হলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত (মরণোত্তর), সংগীতশিল্পী সুবীর নন্দী (মরণোত্তর), মেজর জেনারেল (অব.) সি আর দত্ত (বীর উত্তম), ইমেরিটাস অধ্যাপক আনিছুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, চিত্রশিল্পী হাশেম খান, লেখক জিয়াউদ্দিন তারিক আলী, শাহরিয়ার কবির, অ্যাডভোকেট সুলতানা কামাল, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও ডা. সামন্ত লাল সেন।

সুধাংশু কুমার দাস আরও জানান, সংগঠনের ১২ বছর পূর্তি উপলক্ষে বোধন থেকে বিজয়া শোভাযাত্রা পর্যন্ত ১২টি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রতিদিন রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ধিজার মালাকার জানান, তাদের ফাউন্ডেশনের ৩৩০ সদস্যই প্রতিবছর পূজায় অবদান রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত