নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাইলো গেট এলাকার আলী আকবর লাভলু সরকার (৫৩), তার ছেলে কামরুজ্জামান নওশাদ সরকার (২৯) ও সোনারগাঁ উপজেলার কালিয়াকান্দি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মজিবর রহমান (৩৮)। শুক্রবার রাতে কদমতলী ও সাইলো গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবির এসআই মিজানুর রহমান জানান, প্রথমে পশ্চিম কদমতলী এলাকা থেকে কামরুজ্জামান নওশাদ ও মজিবুর রহমানকে দুই রাউন্ড গুলিসহ ৭ পয়েন্ট ৬৫ বোরের পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে সাইলো গেট এলাকায় আলী আকবর লাভলুর ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে একটি ম্যাগাজিনসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় লাভলুকে।
তিনি আরও জানান,এই বাসায় মূলত দেশীয় অস্ত্র তৈরি করা হতো। উদ্ধারকৃত অস্ত্রটি ওই কারখানার তৈরি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
