গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) চলমান উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টায় ক্যাম্পাসের জয় বাংলা চত্বরে আন্দোলনরত শিক্ষার্থীরা কেক কাটে।
এসময় শিক্ষার্থীরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা কেক কেটে তাকে শুভেচ্ছা জ্ঞাপন ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি সমস্ত অন্যায় অবিচার রোধ করে দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন।
আন্দোলনকারী শিক্ষার্থী শিকদার মাহবুব বলেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দুর্দশা এবং জাতির পিতার পুণ্য জন্মভূমিতে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত দুর্নীতিগ্রস্ত ও অনিয়মকারী এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্নকারীদের প্রতিহত ও বিচারের আওতায় এনে বিশ্ববিদ্যালয় ও সমস্ত শিক্ষার্থীদেরকে রক্ষা করার আবেদন জানাই।
বিকেল ৫ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষার্থীরা জানান, তাদের এই আন্দোলন একটি ন্যায় সংগত আন্দোলন। ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আর এই আন্দোলনে তাদের ভরসার একমাত্র জায়গা শেখ হাসিনা।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর হতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন চালাচ্ছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
