জাবিতে ‘যৌন হয়রানিকারী’ শিক্ষকের বিচার দাবি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার সিরাজের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ দাবিতে গতকাল শনিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ ব্যানারে মানববন্ধন করেন তারা। গত ১৯ সেপ্টেম্বর সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক নাসরিন সুলতানার কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রী। পরে গত বুধবার অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠান হয়। এদিকে অভিযোগ ধামাচাপা দেওয়া হচ্ছে ও ন্যায্যবিচার পাবেন না এমন হতাশায় ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টাও করেছেন।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সাংস্কৃতিক জোট সংহতি প্রকাশ করে। এতে ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম বলেন, ‘নিপীড়িত হওয়া নারীর জন্য কোনো লজ্জা নয়, এটি নিপীড়কের জন্য লজ্জার। যেই শিক্ষক এই কুকর্মে অভিযুক্ত তার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ আয়োজক সংগঠনের জাবি শাখার সমন্বয়ক আবু সাঈদ বলেন, ‘শুধু জাহাঙ্গীরনগরে নয়, সারা দেশেই বিভিন্ন ক্ষেত্রে নারীরা নিপীড়িত হচ্ছেন। নারীরা যেন এভাবে আর নিপীড়িত না হন, এজন্য এই ঘটনার শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত