প্রেস ক্লাবে মওদুদ

মন্ত্রী-এমপিদের সম্পদের হিসাব প্রকাশ করুন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪১ এএম

আওয়ামী লীগ সরকারের সাবেক ও বর্তমান সব মন্ত্রী-এমপির সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান।
মওদুদ আহমদ বলেন, দেশের জনগণ সব মন্ত্রী-এমপির সম্পদের হিসাব দেখতে চায়। সেই হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। মন্ত্রী-এমপি হওয়ার আগে তাদের কত সম্পদ ছিল আর এখন কত সম্পদ আছে, তা জনগণের দেখা দরকার। কারণ, দেশের মানুষ এই সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তিনি বলেন, সরকার দুর্নীতিতে নিমজ্জিত। দুর্নীতি সামাল দেওয়ার শক্তি সরকার হারিয়ে ফেলেছে। যতভাবেই বলুক না কেন তারা অভিযান চালাবে কিন্তু অভিযান সফল হবে না। অভিযান সফল করতে হলে ছাত্রলীগের শোভন-রাব্বানী আর যুবলীগের শামীম-সম্রাটদের পেছনে যে মন্ত্রী-এমপিরা আছেন তাদের শনাক্ত করতে হবে। তা না হলে এ দুর্নীতি নিবারণ করা সম্ভব হবে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত