বৃষ্টি বাগড়া দিল রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে। গত দুদিন ধরেই বৃষ্টি হচ্ছে রাজশাহীতে। আজ সকাল থেকে লাগাতার বৃষ্টি ঝরছে।
এদিকে, বৃষ্টির কারণ দেখিয়ে রাজশাহীতে বাস চলাচল বন্ধ রেখেছে বাস শ্রমিকরা। এর আগে শেষ মুহূর্তে শনিবার বিকেলে ২২টি শর্তে বিএনপির আজকের এই বিভাগীয় সমাবেশের অনুমতি দেয় আরএমপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলের এই সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশ উপলক্ষে রাজশাহী মাদ্রাসা মাঠে পূর্বপাশের সড়কে নির্মাণ করা হয়েছে মঞ্চ। শনিবার রাত থেকে সেখানে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। রাতেই শেষ হয় মঞ্চ তৈরির কাজ।
এদিকে, আজ সকাল থেকে রাজশাহীর অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।
তারা বলছেন, সকাল থেকে ভারি বৃষ্টির কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বিএনপির দাবি রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে প্রশাসনের নির্দেশে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
রাজশাহী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কামাল হোসেন রবি বলেন, বৃষ্টির কারণে সকাল থেকে বাস বন্ধ করা হয়েছে। তবে ঢাকা রুটে বাস চলাচল করছে। বিএনপির সমাবেশের সঙ্গে বাস বন্ধের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
তবে, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য প্রথম থেকেই পায়তারা চলছিল। গত ১২ সেপ্টেম্বর মাদ্রাসা মাঠে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দেয়া হয় নগর পুলিশকে। কিন্তু আগের দিন বিকেলে সড়কে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। আবার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস বন্ধ করে দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
