দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক ডিডি (উপপরিচালক) আহসান আলীকে আটকের দাবিতে গতকাল রবিবার সকালে বেনাপোল কাস্টম হাউজের সামনে বন্দর ব্যবহারকারী সাতটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনে কাস্টমস অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও অংশ নেন। মানববন্ধন থেকে আগামী ৭ দিনের মধ্যে আহসান আলীকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচি দিয়ে বেনাপোল বন্দর অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করে বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক সমিতি, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, ঝিকরগাছা-বেনাপোল ট্রাক মালিক সমিতি ও চট্টগ্রাম বিভাগীয় সমিতি। মানববন্ধন চলাকালে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে বন্ধ ছিল আমদানি-রপ্তানি বাণিজ্য।
এ সময় বক্তব্যে বলা হয়, আহসান আলীর চাপে বেনাপোল কাস্টম হাউজের আটক করা আড়াই টন ভায়াগ্রার চালান না ছেড়ে দেওয়ায় তিনি পরিকল্পিত মিথ্যাচার, অপপ্রচার ও প্রতিশোধমূলক কর্মকা- শুরু করেছেন।
এর আগে গত বুধবার সকালে বেনাপোল পোর্ট থানায় আহসান আলীর বিরুদ্ধে একটি মামলা করে বেনাপোল কাস্টমস কর্র্তৃপক্ষ।
