জিম্বাবুয়েকে হারিয়ে সিঙ্গাপুরের ইতিহাস

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫০ এএম

জয়ের জন্য শেষ বলে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ৬ রান। সিদ্ধান্ত সিংয়ের করা বলে এক রানের বেশি নিতে পারলেন না টনি মুনয়োঙ্গা। সিঙ্গাপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে তাতেই রচিত হলো ইতিহাস। আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশ বা প্রতিষ্ঠিত্ব কোনো শক্তির বিপক্ষে প্রথম জয়ের ‍মুখ দেখল স্বাগতিক সিঙ্গাপুর।

রবিবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারায় সিঙ্গাপুর। বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে সিঙ্গাপুর টস জিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮১ রানের বিশাল স্কোর গড়ে। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৭৭ রানে থেমেছে জিম্বাবুয়ে।

আফ্রিকার দেশ জিম্বাবুয়ের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও ভালো নয়। আইসিসি কিছুদিন আগেই সদস্যপদ স্থগিত করেছে তাদের। ক’দিন আগে বাংলাদেশ সফরটাও ভালো যায়নি। এর মধ্যে সিঙ্গাপুরের মতো আইসিসির সহযোগী সদস্য দেশের বিপক্ষে হেরে জোর ধাক্কাই খেল দলটি।

অধিনায়ক শন উইলিয়ামস দারুণ লড়াই করেন। ৩৫ বলে ৫টি করে চার ও ছক্কায় খেলেন ৬৬ রানের ইনিংস। ওপেনার রেগিস চাকাভার ব্যাট থেকে আসে ৪৮ রান। মাত্র ১৯ বলে নিজের ইনিংস সাজান তিনি। এ ছাড়া ২৫ বলে ৩২ রান করেন টিনোটেনদা মুটোনবোডজি। এরপরও মিডল ও লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় লক্ষ্যে পৌঁছাতে পারেনি জিম্বাবুয়ে।

এর আগে অধিনায়ক মানপ্রিত সিং ও টিম ডেভিডের ব্যাটে বড় স্কোর করে সিঙ্গাপুর। ২৪ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪১ রান করেন ডেভিড। এ ছাড়া ২৩ বলে সমান ৪১ রান করেন মানপ্রিত। ৪টি চারের সঙ্গে তিনি হাঁকান ১টি ছক্কা। এ ছাড়া ৩৯ রান আসে ওপেনার রোহানের ব্যাট থেকে। ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়াসম।

সিঙ্গাপুরের এই জয়ে ত্রিদেশীয় সিরিজে দুটি করে ম্যাচ শেষে তিন দলেরই পয়েন্ট হলো সমান দুই করে। সিঙ্গাপুর ও জিম্বাবুয়ে ছাড়াও প্রতিযোগিতার অন্য দল নেপাল। সিরিজে প্রতিটি দল আরো একবার করে মুখোমুখি হবে একে অপরের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত