গণতন্ত্রের দাবিতে তিন মাস ধরে আন্দোলন করতে থাকা হংকংকে কার্যত অবরুদ্ধ রেখে কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তি অনুষ্ঠান করছে চীন।
১৯৪৯ সালের পহেলা অক্টোবর, যে দিনটিতে মাও সেতুং চীনের স্বাধীনতার ঘোষণা দেন সেদিন থেকেই এই শাসনের শুরু।
সেদিন তিয়ানমেন স্কয়ারে দাঁড়িয়ে মাও একটি যুদ্ধ বিধ্বস্ত, আধা সামন্তবাদী রাষ্ট্রকে নতুন যুগে নিয়ে যাবার ঘোষণা দেন।
সে সময় সামরিক কুচকাওয়াজে যুক্ত হতে পেরেছিল মাত্র ১৭টি বিমান। আর এই সপ্তাহের প্যারেডে থাকছে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র, সুপারসনিক স্পাই ড্রোন- বলা যায় এগুলো উদীয়মান, শক্তিশালী ৪০ কোটি উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির বিজয়ের চিহ্ন।
প্রদর্শনীতে থাকছে রসদ সরবরাহ বিমান ওয়াই-২০, স্টিলথ জঙ্গিবিমান জে-২০সহ উড়ন্ত অবস্থায় জ্বালানি ভরা ও বিমান থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে সক্ষম বোমারু বিমান এইচ৬-এনের সর্বশেষ ভার্সন।
এই বর্ষপূতিতে চীন খুব একটা স্বস্তিতে নেই। হংকং তাদের বিরুদ্ধে আন্দোলন করছে।
১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর আর কখনো এত ঝামেলায় পড়েনি চীন। সেখানে বর্তমানে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি চীনা সেনা মোতায়েন রয়েছে।
